
ইতালিতে ১৯৯২ সালে মাফিয়াবিরোধী এক শীর্ষ ম্যাজিস্ট্রেট হত্যাকাণ্ডের নতুন তদন্তে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে তদন্ত চলার মাঝেই দেশটির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেনারো আত্মহত্যা করেছেন। শনিবার এ বিষয়ে অবগত দেশটির সরকারি এক কর্মকর্তা জিয়ান্নি দে জেনারোর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন।
৭৮ বছর বয়সী দে জেনারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির জাতীয় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতালির অন্যতম প্রভাবশালী এই নিরাপত্তা কর্মকর্তা সংঘবদ্ধ চক্রের অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে, বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে সিসিলির কোসা নস্ট্রা মাফিয়ার বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এক সপ্তাহেরও কম সময় আগে সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা ১৯৯২ সালে পালেরমোতে গাড়িবোমা হামলায় মাফিয়াবিরোধী ম্যাজিস্ট্রেট পাওলো বোরসেলিনো এবং পাঁচ পুলিশ দেহরক্ষীর প্রাণহানির ঘটনার তদন্তে বাধা দেওয়ার চেষ্টার তদন্তে তার নাম অন্তর্ভুক্ত করেন।
দেশটির আদালতের এক বিচারক সাবেক পুলিশ প্রধান জেনারোকে গৃহবন্দী রাখার বিষয়ে কৌঁসুলিদের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। তবে তারা এর বিরুদ্ধে আপিল করেছিলেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল।
জেনারোর ঘনিষ্ঠরা বলেছেন, এই তদন্তের খবর ইতালির অনেকের পাশাপাশি দে জেনারোকেও স্তম্ভিত করেছিল। তিনি কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছিলেন।
তার আইনজীবী ফ্রান্সেসকো বের্তোরোত্তা লা রিপাবলিকা সংবাদপত্রকে বলেন, ‘‘তিনি ব্যাপকভাবে ভেঙে পড়েছিলেন।’’
তিনি বলেন, যেসব অভিযোগকে তিনি অন্যায্য ও মানহানিকর বলে মনে করতেন, সেগুলোর বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তাকে আমার কাছে দিশেহারা মনে হয়েছিল।
• বোরসেলিনো তদন্তের রহস্য
ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে সতর্ক করে দিয়েছিলেন। এরপর তাস্কানির গ্রামের বাড়িতে দে জেনারোর মরদেহ পাওয়া যায়। বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার বিষয়টি সাম্প্রতিক ইতালীয় ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে।
এই হত্যাকাণ্ডের দুই মাসেরও কম সময় আগে মাফিয়াদের বোমা হামলায় দে জেনারোর ঘনিষ্ঠ সহযোগী মাফিয়াবিরোধী বিচারক জিওভান্নি ফ্যালকোন নিহত হয়েছিলেন।
পুলিশ এমন সন্দেহভাজনদের শনাক্ত করেছিল; যারা পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল কি না, সেই বিষয়ে তদন্ত করা হয়।
এসব ঘটনার কারণ এখনো বিতর্কিত রয়ে গেছে এবং পুরো পরিস্থিতি উদ্ঘাটন ও তদন্তকে বিভ্রান্ত করার জন্য দায়ীদের শনাক্ত করার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। বোরসেলিনো পরিবার বারবার বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে এবং দে জেনারোর মৃত্যুর খবরে হতাশা প্রকাশ করেছে।
ম্যাজিস্ট্রেটের ছেলে মানফ্রেদি বোরসেলিনো বলেন, ‘‘জেনারোর সঙ্গে সত্যের আরেকটি অংশ হয়তো হারিয়ে গেল।’’
দে জেনারোর মৃত্যুতে দেশটির রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। অন্যদিকে তার কিছু মিত্র বলেছেন, দে জেনারোর বিরুদ্ধে প্রমাণের অভাব থাকা সত্ত্বেও গণমাধ্যমের নজরদারি ছিল মাত্রাতিরিক্ত।
আর দেশটির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ‘‘একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে বিচার আদালত কক্ষেই সম্পন্ন হয়, এর বাইরে নয়।’’
সূত্র: রয়টার্স।